binodonerpadmaful
ঢাকা সোমবার, ২৫ মে, ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

শেরপুরে শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, সহযোগী গ্রেপ্তার


বিনোদনের পদ্মফুল | স্টাফ রিপোর্টার মে ২৪, ২০২৬, ১০:১২ এএম শেরপুরে শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, সহযোগী গ্রেপ্তার

শেরপুরে এক শিশুশিক্ষার্থীকে ধর্ষণ ও গর্ভপাতে সহযোগিতার অভিযোগে সুন্নত আলী সন্তু (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (২৩ মে) শহরের ঢাকলহাটী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। একই দিন বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ভুক্তভোগী পরিবার ও মামলা সূত্রে জানা যায়, শেরপুরের ওই শিশুকে একাধিকবার ধর্ষণ করেন শাহিন মিয়ার ছেলে কাউছার মিয়া। একপর্যায়ে শিশুটি চার মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। শিশুটির শারীরিক গঠনে পরিবর্তন হলে কাউসার মিয়া সুন্নত আলী সন্তুসহ কয়েকজনের সহযোগিতায় গর্ভপাত করান। গর্ভপাতে ব্যাপক রক্তক্ষরণে শিশুটি অসুস্থ হয়ে যায়। বিষয়টি ধামাচাপা দিতে একটি মহল চাপ প্রয়োগ করে। শুক্রবার (২২ মে) শিশুর মা আশঙ্কাজনক অবস্থায় তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করান।
শিশুটির মা বলেন, ‘আমার মেয়েকে ফুসলিয়ে ধর্ষণ করেছে। আবার গর্ভপাত করিয়েছে। এতে প্রচুর রক্তক্ষরণ হয়ে আমার মেয়ে এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
এ বিষয়ে শেরপুর জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাহেরাতুল আশরাফী বলেন, ১২ বছরের একজন কন্যাশিশুকে গাইনি ওয়ার্ডে শুক্রবার ভর্তি করা হয়েছে। যেহেতু এটি একটি পুলিশ কেস, তাই আমরা কিছুটা অপেক্ষা করছি। মেডিকেল বোর্ড বসে পরবর্তী বিষয়গুলো সিদ্ধান্ত নেওয়া হবে।
অন্তঃসত্ত্বা বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আগামীকাল (আজ রোববার) বিস্তারিত বলা যাবে। আর বাকি বিষয়গুলো মেডিকেল বোর্ড গঠনের পর জানানো হবে। এই ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মামলা করেছেন। শিশুটি বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছে এবং চিকিৎসা চলমান রয়েছে।’
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মিজানুর রহমান ভূঁইয়া বলেন, মামলার পর পুলিশ ইতিমধ্যে আসামি সন্তুকে গ্রেপ্তার করেছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। আদালতের মাধ্যমে শনিবার বিকেলে আসামি সন্তুকে কারাগারে পাঠানো হয়েছে।

Side banner