binodonerpadmaful
ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

ড্রেন ছাড়াই রাস্তা নির্মাণ, এক বছরের মধ্যে জলাবদ্ধতায় বড় বড় গর্ত


বিনোদনের পদ্মফুল | সীমান্ত হাসান রাকিব  সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০৭:৪৫ পিএম ড্রেন ছাড়াই রাস্তা নির্মাণ, এক বছরের মধ্যে জলাবদ্ধতায় বড় বড় গর্ত

মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের দশকানী ভুইয়াবাড়ির কাশিপুর এলাকার প্রবেশ সড়কের প্রায় ২০০ মিটার অংশ ভেঙে পড়ায় প্রতিদিন কয়েক হাজার মানুষের চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে।
সড়কটির এই বেহাল দশায় যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে পড়েছে। ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থী থেকে শুরু করে কর্মজীবী মানুষ ও রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিনিয়ত। 
২০২৩ সালের ফেব্রুয়ারিতে দশকানী ভুইয়াবাড়ি থেকে চাম্পাতলা পর্যন্ত ৫ কিলোমিটার সড়ক পুনর্র্নিমাণের কাজ শুরু হয় এবং ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি কাজ শেষ হয়। কিন্তু এক বছরেরও কম সময় ব্যবহারের পর কাশিপুর প্রবেশমুখের প্রায় ২০০ মিটার অংশ ভেঙে পড়ে।
কাশিপুর, কেপিবাগ, দেওয়ানবাজার, রতনপুরসহ আশপাশের গ্রামের বাসিন্দারা প্রতিদিন এই সড়ক দিয়ে স্কুল, কলেজ, হাসপাতাল, বাজারসহ বিভিন্ন কর্মস্থলে যাতায়াত করেন। মুন্সীগঞ্জ শহরের প্রবেশপথে প্রায় সময় যানজটের কারণে গুরুত্বপূর্ণ কাজে আসা বিভিন্ন উপজেলার মানুষরাও বিকল্প পথ হিসেবে এ সড়ক ব্যবহার করে থাকেন।
সরেজমিনে গিয়ে দেখা যায় বৃষ্টির পানিতে ভাঙা অংশে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। এতে যানবাহন উল্টে যাওয়ার আশঙ্কা রয়েছে।
প্রত্যক্ষদর্শী ইব্রাহিম বেপারী বলেন, কয়েক দিন আগে এখানে একটি রিকশা উল্টে পড়ে। দুর্ঘটনা এড়াতে স্থানীয়রা একপর্যায়ে গাছ ফেলে রাস্তা বন্ধ করে দেন। তবে কয়েক হাজার মানুষের চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তার পর দিন সকালেই খুলে দেওয়া হয় রাস্তাটি। কয়েকজন মিলে নিজ উদ্যোগে ইট ফেলে সাময়িকভাবে ঠিক করার চেষ্টা করলেও বৃষ্টির পানিতে তা টিকছে না। 
স্থানীয় বাসিন্দা হোসেন বেপারী বলেন, রাস্তা পুনর্র্নিমাণের সময় ড্রেনের কোনো ব্যবস্থা রাখা হয়নি। ফলে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হয় এবং অল্প সময়ের মধ্যেই রাস্তা ভেঙে পড়েছে। রিকশা চালকারা দ্বিগুণ ভাড়া দাবি করলেও আবার অনেক রিক্সা ঝুঁকি নিয়ে যেতে রাজি হয় না।
আব্বাস শেখ বলেন, সব সময় এখানে জলাবদ্ধতা তৈরি হয়। তারপরও ড্রেন ছাড়া রাস্তা নির্মাণ করায় বছর ঘুরতেই তা বেহাল দশায় নেমে এসেছে।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সালেহ হাসান প্রামানিক বলেন, ২০০ মিটার রাস্তা যেটার ২ পাশে ঘড় বাড়ি থাকার কারণে পানি জমে থেকে কার্পেটিং টা নষ্ট হয়ে গিয়েছে। আমরা মেরামত করানোর জন্য অলরেডি আমাদের ঊর্ধ্বততম কর্তৃপক্ষের সাথে কথা বলেছি অতি দ্রুত এটার কাজ আমরা সম্পন্ন করে জনসাধারণের কষ্ট লাঘবের চেষ্টা করব।

Side banner