binodonerpadmaful
ঢাকা বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

আয়ারল্যান্ডে বেড়েছে বাংলাদেশিদের ডেবিট কার্ডের খরচ


বিনোদনের পদ্মফুল | নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২১, ২০২৬, ১১:৪৮ পিএম আয়ারল্যান্ডে বেড়েছে বাংলাদেশিদের ডেবিট কার্ডের খরচ

বিদেশে ভ্রমণ ও লেনদেনের ক্ষেত্রে বাংলাদেশিদের ব্যয়ের ধরনে নতুন পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে ইউরোপের দেশ আয়ারল্যান্ডে হঠাৎ করেই বাংলাদেশিদের ডেবিট কার্ডে খরচ বেড়ে শীর্ষ অবস্থানে পৌঁছেছে।
তথ্য বলছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশিরা ডেবিট কার্ড ব্যবহার করে আয়ারল্যান্ডে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় করেছেন। এসময় ডেবিট কার্ড ব্যবহার করে আয়ারল্যান্ডে প্রায় ৩০ কোটি টাকা খরচ করেছে বাংলাদশিরা। বিদেশে ডেবিট কার্ডে খরচের তালিকায় এরপর রয়েছে সৌদি আরবে ২৮ কোটি ৭০ লাখ টাকা, যুক্তরাষ্ট্রে ২৮ কোটি টাকা, ভারতে ২৪ কোটি এবং যুক্তরাজ্যে খরচ করেছে ২০ কোটি ৫০ লাখ টাকা। পর্যটন, চিকিৎসা ও শিক্ষার মতো বিভিন্ন খাতে এসব দেশে বাংলাদেশিরা ব্যয় করেছে।
খাত সংশ্লিষ্টদের মতে, বছরের শুরুতে আয়ারল্যান্ডে উচ্চশিক্ষার টিউশন ফি পরিশোধসহ নানা শিক্ষাসংক্রান্ত খরচের কারণে বাংলাদেশি শিক্ষার্থীরা ডেবিট কার্ড বেশি ব্যবহার করছেন। পাশাপাশি ভ্রমণকারীদের কার্ডভিত্তিক লেনদেনও বেড়েছে, যা সামগ্রিকভাবে দেশটিতে ব্যয় বৃদ্ধির অন্যতম কারণ।


বাংলাদেশ ব্যাংক ক্রেডিট কার্ডের দেশীয় ও আন্তর্জাতিক লেনদেন সংক্রান্ত ফেব্রুয়ারি মাসের হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করেছে। বর্তমানে দেশে ৫৬টি তফসিলি ব্যাংক ও ৩৫টি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) কার্যক্রম চালালেও, এর মধ্যে ৪৮টি তফসিলি ব্যাংক এবং মাত্র একটি এনবিএফআই ক্রেডিট কার্ড সেবা প্রদান করছে। এসব প্রতিষ্ঠানের তথ্যের ভিত্তিতেই প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে।
প্রতিবেদনে দেশের অভ্যন্তরে ও বিদেশে বাংলাদেশের নাগরিকদের এবং দেশের ভেতরে বিদেশি নাগরিকদের ক্রেডিট কার্ড ব্যবহারের তথ্য তুলে ধরা হয়েছে। এতে দেখা যায়, চলতি বছরের জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারি মাসে দেশে-বিদেশে কার্ড ব্যবহার কমে গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারিতে বিদেশে ক্রেডিট কার্ড ব্যবহার করে বাংলাদেশিরা ৩৭৭ কোটি টাকা খরচ করেছেন। এই পরিমাণ আগের মাস জানুয়ারির তুলনায় ১৮ দশমকি ৫৫ শতাংশ কম। জানুয়ারিতে খরচ ছিল ৪৬৩ কোটি টাকা।
বর্তমানে বিদেশে ক্রেডিট কার্ডে বাংলাদেশিদের খরচের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। ফেব্রুয়ারিতে দেশটিতে মোট ক্রেডিট কার্ডের খরচের ১৪ শতাংশ খরচ হয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা থাইল্যান্ডে খরচ হয়েছে ১৩ শতাংশ। তৃতীয় অবস্থানে রয়েছে সিঙ্গাপুর ৮ শতাংশ, যুক্তরাজ্যে ৮ শতাংশ এবং সৌদি আরবে ৭ শতাংশ খরচ করেছে।
এদিকে, ডেবিট কার্ড ও প্রিপেইড কার্ডের লেনদেন কমেছে। ফেব্রুয়ারিতে ডেবিট কার্ডে বিদেশে ২৭৯ কোটি টাকা খরচ করেছে বাংলাদেশিরা। জানুয়ারিতে যার পরিমাণ ছিল ৩৫৬ কোটি টাকা। এছাড়া প্রিপেইড কার্ডে ফেব্রুয়ারিতে লেনদেন করেছে ৪০ কোটি টাকা, জানুয়ারিতে প্রিপেইড কার্ডে লেনদেন হয়েছে ৫৩ কোটি টাকা।


পর্যালোচনায় দেখা গেছে, সব ধরনের কার্ডে ফেব্রুয়ারিতে লেনদেন কমেছে। ফেব্রুয়ারিতে ক্রেডিট, ডেবিট এবং প্রিপেইড কার্ডে লেনদেন হয়েছে ৬৯৬ কোটি টাকা। আগের মাস জানুয়ারিতে এসব কার্ডে লেনদেনের পরিমাণ ছিল ৮৭৩ কোটি টাকা। আলোচ্য সময়ের ব্যবধানে এসব কার্ডে লেনদেন কমেছে ৫৮ কোটি টাকা বা ২০ দশমিক ২৫ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, দেশের ভেতরে ১১টি খাতে সবচেয়ে বেশি ক্রেডিট কার্ড ব্যবহার হচ্ছে। এর মধ্যে রয়েছে ডিপার্টমেন্টাল স্টোর,পরিষেবার বিল পরিশোধ, খুচরা কেনাকাটা, নগদ উত্তোলন, পোশাক কেনাকাটা, ওষুধ ও ফার্মেসি, অর্থ স্থানান্তর, পরিবহন খাতে ব্যয়, ব্যবসায়িক ও পেশাদারি সেবা এবং সরকারি সেবার বিল প্রদান। বেশিরভাগ খাতেই ফেব্রুয়ারিতে খরচ কমেছে।
এছাড়া, প্রায় ৭৩ শতাংশ লেনদেন সম্পন্ন হয়েছে ভিসা কার্ড ব্যবহার করে, ১৭ শতাংশ মাস্টারকার্ড এবং ১০ শতাংশ এমেক্স কার্ড ব্যবহার করা হয়েছে।

Side banner