binodonerpadmaful
ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

দুধের শিশুসহ যুব মহিলা লীগ নেত্রী কারাগারে


বিনোদনের পদ্মফুল | নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২১, ২০২৬, ০৬:৪১ পিএম দুধের শিশুসহ যুব মহিলা লীগ নেত্রী কারাগারে

রাজধানীর তেজগাঁও থানার বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার যুব মহিলা লীগের নেত্রী শিল্পী বেগমকে দেড় মাসের শিশু সন্তানসহ কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (২১ এপ্রিল) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ শুনানি শেষে জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেন আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি জানান, এমন নিষ্ঠুর নজির এ দেশের মানুষ আজ দেখল। যেখানে একজন মাকে তার একমাস ১৬ দিনের দুধের শিশুসহ পুলিশ ধরে নিয়ে আসে। এর মাধ্যমে মা ও শিশুর মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে।
এদিন দুপুর ২টার দিকে শিল্পী বেগমকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক শেখ নজরুল ইসলাম আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন।
ওই আবেদনে বলা হয়েছে, আসামি মামলার ঘটনায় জড়িত থাকার বিষয়ে যথেষ্ট সাক্ষ্য-প্রমাণাদি পাওয়া গেছে। গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৭টার দিকে তেজগাঁও থানার রেলওয়ে কলোনি স্টেশন রোডের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আসামি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করতে সক্রিয় ভূমিকা পালন করেন বলে তদন্তে জানা যাচ্ছে। মামলাটির তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে জেলহাজতে আটক রাখা বিশেষ প্রয়োজন।
এ সময় তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি জামিন চেয়ে আবেদন করেন। শুনানিতে তিনি উল্লেখ করেন, তার ১ মাস ১৬ দিনের পুত্রসন্তান রয়েছে। তার সিজারিয়ান অস্ত্রোপচার করা হয়েছে। যেকোনো শর্তে তার জামিন প্রার্থনা করছি। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিকেল ৩টা ১২ মিনিটে আদালত থেকে শিল্পী বেগমকে বের করা হয়। এ সময় তিনি আক্ষেপ করে বলেন, রাজনৈতিক কারণে আজ বাচ্চাসহ কারাগারে যেতে হচ্ছে।
মামলার সূত্রে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের আধুনিক ভাষা ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. তাহমিদ মুবিন রাতুল। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৬ জুলাই বিকেল ৫টার দিকে রাজধানীর চানখাঁরপুল এলাকায় আন্দোলনরত অবস্থায় তিনি গুলিবিদ্ধ হন। এ সময় সহপাঠীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা চলাকালীন সময়ে ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী তাদের ওপর আক্রমণ করে। পরবর্তীতে আসামি শিল্পীর নির্দেশে ২৩ জুলাই সন্ধ্যা পৌনে ৭টায় মামলার এজাহারনামীয় আসামিরাসহ আরও অজ্ঞাতপরিচয় ১২০-১৩০ জন আসামি ওই শিক্ষার্থীর বাসায় হামলা ও পাঁচ লাখ টাকা লুটপাটের ঘটনা ঘটায়।
ওই ঘটনায় গত বছরের ২৫ জানুয়ারি ভুক্তভোগীর মা শাহনূর খানম তেজগাঁও থানায় মামলা করেন।

Side banner