২০২৬ ফিফা বিশ্বকাপের সম্প্রচার নিয়ে বাংলাদেশের কোটি ফুটবলপ্রেমীর অনিশ্চয়তার অবসান ঘটেছে। টেলিভিশনের পর্দার পাশাপাশি এবার ডিজিটাল মাধ্যমেও দর্শকরা নির্বিঘ্নে উপভোগ করতে পারবেন বিশ্ব ফুটবলের এ মহাযজ্ঞ। টিভি সম্প্রচারের ক্ষেত্রে বিটিভি ও টি স্পোর্টসের সঙ্গে যুক্ত হয়েছে সময় টিভি। এ তথ্য নিশ্চিত করেছে সংশ্লিষ্ট টিভিগুলো। অন্যদিকে ডিজিটাল প্ল্যাটফর্মে এই স্বত্ব পেয়েছে শীর্ষ মোবাইল অপারেটর বাংলালিংকের ওটিটি প্ল্যাটফর্ম ‘টফি’।
বাংলাদেশে টেলিভিশন সম্প্রচারের স্বত্ব নিয়ে তৈরি হওয়া জটিলতা কাটাতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস ও সময় টিভি ফিফার কাছ থেকে সরাসরি খেলা দেখানোর স্বত্ব ক্রয় চূড়ান্ত করেছে। চ্যানেলগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, চুক্তি সম্পন্ন করার আইনি ও প্রক্রিয়াগত দিকগুলো এখন শেষ হয়েছে। এতে ঘরে বসে দর্শকরা খেলা দেখার সুযোগ পাচ্ছেন।

এর আগে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবক প্রাইভেট লিমিটেড ফিফার কাছ থেকে বাংলাদেশের বাজারের জন্য বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনেছিল। তবে টুর্নামেন্ট শুরুর দুই সপ্তাহের কম সময় বাকি থাকতে তারা স্থানীয় পর্যায়ে তা বিক্রি করতে ব্যর্থ হয় এবং একপর্যায়ে চুক্তি থেকে সম্পূর্ণ সরে দাঁড়ায়।
শেষ মুহূর্তের এই সংকট নিরসনে বড় ভূমিকা পালন করেন, দেশের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নবনির্বাচিত সভাপতি তাবিথ আউয়াল। তারা অত্যন্ত দ্রুততার সঙ্গে বিভিন্ন ক্রীড়া চ্যানেল, জাতীয় গণমাধ্যম এবং টেলিকম সংস্থাগুলোর সঙ্গে জরুরি যোগাযোগ স্থাপন করে এই জট ছাড়াতে সক্ষম হন।
বাংলালিংকের ওটিটি প্ল্যাটফর্ম টফিতে সরাসরি ম্যাচ সম্প্রচারের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া গ্রামীণফোনের ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপের মাধ্যমেও দর্শকরা বিশ্বকাপের ম্যাচ দেখতে পারবেন। এতে স্মার্টফোন, ট্যাবলেট, কম্পিউটার কিংবা স্মার্ট টিভি ব্যবহারকারীরাও সহজে খেলা উপভোগ করতে পারবেন।








































আপনার মতামত লিখুন :