binodonerpadmaful
ঢাকা বুধবার, ১০ জুন, ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

নাসিরনগর পরিদর্শন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক


বিনোদনের পদ্মফুল | স্টাফ রিপোর্টার জুন ৯, ২০২৬, ১১:২১ পিএম নাসিরনগর পরিদর্শন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক কর্তৃক মঙ্গলবার (৯ জুন) নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়ন পরিদর্শন করা হয়। পরিদর্শনের শুরুতে জেলা প্রশাসক নাসিরনগর থানা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, থানার প্রশাসনিক কার্যক্রম এবং জনসেবা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
জেলা প্রশাসক থানার বিভিন্ন শাখা, ডিউটি অফিস, হাজতখানা, অস্ত্রাগার, মালখানা এবং সাধারণ ডায়েরি (জিডি) ও মামলা সংক্রান্ত রেকর্ড সংরক্ষণ ব্যবস্থা পরিদর্শন করেন।


এরপর জেলা প্রশাসক চাতলপাড় বাজারকে নদীভাঙনের কবল থেকে রক্ষার জন্য গৃহীত বিভিন্ন প্রতিরোধমূলক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে ভাঙনরোধে বাস্তবায়িত প্রকল্পের অগ্রগতি, কার্যকারিতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত অবহিত হন। স্থানীয় জনগণের সঙ্গে কথা বলে তিনি তাদের মতামত ও প্রত্যাশার বিষয়গুলোও গুরুত্বসহকারে শোনেন এবং টেকসই সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরবর্তীতে জেলা প্রশাসক চাতলপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। বিদ্যালয়ে উপস্থিত হয়ে তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিকভাবে কুশল বিনিময় করেন এবং শ্রেণিকক্ষের পাঠদান কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। শিক্ষার গুণগত মান, শিক্ষার্থীদের উপস্থিতি এবং বিদ্যালয়ের সামগ্রিক পরিবেশ সম্পর্কে তিনি অবহিত হন। এ সময় তিনি শিক্ষার্থীদের জন্য সরকার কর্তৃক বরাদ্দকৃত মিড-ডে মিল কার্যক্রম তদারকি করেন এবং শিক্ষার্থীদের পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষায় এ কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন।
এরপর জেলা প্রশাসক চাতলপাড় ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। ভূমি সেবার মান, নাগরিকদের সেবা প্রাপ্তির অবস্থা, ভূমি সংক্রান্ত রেকর্ড সংরক্ষণ ও চলমান কার্যক্রম সম্পর্কে তিনি খোঁজখবর নেন। জনগণকে দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত ভূমি সেবা প্রদানের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
পরবর্তীতে তিনি চাতলপাড় ওয়াজউদ্দিন উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন এবং শিক্ষার পরিবেশ, অবকাঠামোগত সুবিধা ও শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম সম্পর্কে অবহিত হন। পরে চাতলপাড় ইউনিয়ন পরিষদ পরিদর্শন করে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কার্যক্রম, সেবাদান প্রক্রিয়া এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড পর্যালোচনা করেন।
দিনব্যাপী পরিদর্শন শেষে জেলা প্রশাসক নাসিরনগর উপজেলা পরিষদে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, সুধীজন এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়ন সংশ্লিষ্ট বিষয়সমূহ তুলে ধরেন। 
জেলা প্রশাসক মনোযোগ সহকারে সকলের বক্তব্য শোনেন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো সমাধানে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস প্রদান করেন। তিনি উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে প্রশাসন ও জনগণের মধ্যে সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন এবং সকলকে নিজ নিজ অবস্থান থেকে এলাকার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।

Side banner