ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ০৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপি ও গণসংহতি আন্দোলন জোট প্রার্থী জোনায়েদ আব্দুর রহিম সাকি বিজয়ী হয়েছেন। মাথাল প্রতীকে তিনি পেয়েছে ৯৪২৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতের প্রার্থী মো. মহসিন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৩৭৯৬৫ ভোট।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সহকারি রিটার্নিং কর্মকর্তা ও বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল ইসলাম স্বাক্ষরিত প্রাথমিক বেসরকারি ফলাফল থেকে এ তথ্য জানা যায়।

অন্যদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সাইদউদ্দিন খান জাবেদ হাতপাখা প্রতীকে পেয়েছেন ৮৪৮৭ ভোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. আবু নাসের মোমবাতি প্রতীকে ২৩০৫ ভোট, বিএনপির বিদ্রোহী ডক্টর সাইদুজ্জামান কামাল হরিণ প্রতীকে ১৮৮৮ ভোট, স্বতন্ত্র প্রাথী মোহাম্মদ আবু কায়েস সিকদার ফুটবল প্রতীকে ৬৫৬ ভোট, গণঅধিকার পরিষদের সফিকুল ইসলাম ট্রাক প্রতীকে ২৮৭ ভোট, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির এ্যাডভোকেট কেএম জাবির তারা প্রতীকে ১৬১ ভোট, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের হাবিবুর রহমান আপেল প্রতীকে ১৩৯ ভোট এবং ন্যাশনাল পিপলস পার্টির সফিকুল ইসলাম সবুজ আম প্রতীকে ১০৪ ভোট পেয়েছেন।

নির্বাচনে বিজয়ী হওয়ার পর গণসংহতি আন্দোলনের বাঞ্ছারামপুর উপজেলা শাখার সভাপতি শামিম শিবলী বলেন, দীর্ঘ ১৭ বছর বাঞ্ছারামপুরের মানুষ ভোট দিতে পারেনি। স্বাধীনতার পর এবার স্বস্তঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। বাঞ্ছারামপুরে অত্যন্ত সুন্দর পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে।
তিনি আরও বলেন, জোনায়েদ সাকির বিজয় বাঞ্ছারামপুরের সমস্ত মানুষের বিজয়। আমরা সবাই মিলেমিশে উন্নত ও সমৃদ্ধ বাঞ্ছারামপুর গড়ায় কাজ করে যাবো।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া ০৬ (বাঞ্ছারামপুর) আসনটি ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত। ২১৭.৩৮ বর্গকিলোমিটার আয়তনের এই উপজেলায় মোট ভোটার ২ লাখ ৮৯ হাজার ৬শত ৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৭ হাজার ২শত ৬২ জন, মহিলা ভোটার ১ লাখ ৪২ হাজার ৪শত ১১ জন এবং হিজড়া ভোটার ২ জন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১ লাখ ৪৯ হাজার ৬শত ৩ জন ভোট প্রদান করেন। এর মধ্যে বৈধ ভোট ১ লাখ ৪৬ হাজার ২শত ২৩টি, বাতিল ভোট ৩ হাজার ৩শত ৮০টি। প্রদত্ত ভোটের শতকরা হার ৫২.৫৮ শতাংশ।








































আপনার মতামত লিখুন :