binodonerpadmaful
ঢাকা শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

তারেক রহমানের ছেড়ে দেয়া আসনে বিএনপির প্রার্থী বাদশা


বিনোদনের পদ্মফুল | স্টাফ রিপোর্টার ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৮:৫০ পিএম তারেক রহমানের ছেড়ে দেয়া আসনে বিএনপির প্রার্থী বাদশা

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেয়া আসনে দলের প্রার্থী করা হয়েছে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাকে। বিএনপির পক্ষ থেকে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।
বগুড়া-৪ আসনের বিএনপি সংসদ সদস্য মো. মোশারফ হোসেন ফেসবুকে লিখেছেন, আলহামদুলিল্লাহ, বগুড়া-৬ আসনের এমপি প্রার্থী হিসেবে জেলা বিএনপির সম্মানিত সভাপতি রেজাউল করিম বাদশা ভাইকে দলের গুলশান কার্যালয় থেকে চূড়ান্ত মনোনয়ন দেয়া হলো।
আগে গুঞ্জন ছিল, এই আসনে জিয়া পরিবারের কেউ প্রার্থী হতে পারেন। তবে পরে সিদ্ধান্ত হয়, জিয়া পরিবারের কেউ এ আসন থেকে নির্বাচন করছেন না।
এদিকে, নির্বাচন কমিশন (ইসি) মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, বগুড়া-৬ আসনের উপনির্বাচন ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। সম্ভাব্য প্রার্থীদের মনোনয়ন দাখিলের শেষ দিন ২ মার্চ, আপিল ৬ থেকে ১০ মার্চ, প্রার্থিতা প্রত্যাহার ১৪ মার্চ এবং প্রতীক বরাদ্দ ১৫ মার্চ।
তথ্য অনুযায়ী, তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে জয়ী হন। পরে তিনি ঢাকা-১৭ আসনটি ধরে রাখার ইচ্ছা প্রকাশ করায় বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জোটসহ বিএনপির বর্তমান আসন সংখ্যা ২১২। অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৭৭ আসনে বিরোধী অবস্থানে রয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা ৭ আসনে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ১ আসনে বিজয়ী হয়েছে।

Side banner