দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় কর্মকাণ্ডবিরোধী বিভিন্ন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে চুয়াডাঙ্গায় বিএনপির দুই নেতাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত নেতারা হলেন, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির এবং আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু।
বুধবার (১৮ মার্চ) বিকেলে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু ও সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরীফ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় কর্মকাণ্ডের পরিপন্থী কার্যকলাপে সম্পৃক্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের দলীয় সকল পদ এবং প্রাথমিক সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
এ বিষয়ে জেলা বিএনপির দায়িত্বশীল নেতারা জানান, সংগঠনের শৃঙ্খলা ও আদর্শ অক্ষুণ্ন রাখতে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতেও দলের নীতিমালা পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তারা সতর্কবার্তা দেন।








































আপনার মতামত লিখুন :