শেনজেন দেশ প্রবেশের জন্য ভ্রমণকারীদের সব কাগজপত্র সঙ্গে রাখার পরামর্শ দিয়েছে ঢাকাস্থ শেনজেনভুক্ত দেশগুলোর দূতাবাস। সোমবার (১১ জুন) ঢাকাস্থ শেনজেনভুক্ত দেশগুলোর দূতাবাস ভ্রমণকারীদের উদ্দেশে এ পরামর্শ দিয়েছে।
বার্তায় বলা হয়, আপনার ভিসা আপনাকে ভ্রমণের পূর্বানুমতি দেয়। কিন্তু, যেকোনো শেনজেন দেশে ভ্রমণকারীদের প্রবেশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সীমান্ত পুলিশের হাতে। তাই অবশ্যই আপনার সব কাগজপত্র সঙ্গে রাখবেন, যাতে পুলিশ প্রয়োজনে আপনার তথ্যাদি যাচাই করে নিতে পারে।
এর আগে সোমবার (৪ মে) ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক যৌথ বিজ্ঞপ্তিতে রাজধানী ঢাকায় অবস্থিত শেনজেন দূতাবাসগুলো ভিসার মেয়াদ শেষ হওয়ার পর নাগরিকদের শেনজেনভুক্ত দেশে অবস্থান না করার জন্য সতর্কবার্তা জারির কথা জানায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, ভিসার শর্ত ভঙ্গ করলে ভবিষ্যতে প্রবেশ নিষেধাজ্ঞা ও ভিসা প্রত্যাখ্যানের ঝুঁকি তৈরি হতে পারে। ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও শেনজেনভুক্ত কোনো দেশে অবস্থান করলে আপনার প্রবেশে নিষেধাজ্ঞা জারি হতে পারে। ভবিষ্যতে নিষেধাজ্ঞা ও প্রত্যাখ্যান এড়াতে অনুগ্রহ করে ভিসার নিয়মকানুন মেনে চলারও কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
উল্লেখ্য, শেনজেন অঞ্চল ২৭টি ইউরোপীয় দেশের সমন্বয়ে গঠিত, যেখানে একক ভিসার মাধ্যমে সদস্য দেশগুলোতে স্বল্পমেয়াদি ভ্রমণের সুযোগ রয়েছে। শেনজেন ভিসা হলো একটি সাধারণ ভিসা, যা দিয়ে ইউরোপের ২৯টি সদস্যভুক্ত দেশে (২৭টি ইইউ ভুক্ত এবং ৪টি অ-ইইউ) ৯০ দিন পর্যন্ত ভ্রমণ করা যায়।








































আপনার মতামত লিখুন :