ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও যুবদলের সভাপতি নিজাম উদ্দিনের নাম ঘুরে বেড়াচ্ছে সাধারণ মানুষের মুখে মুখে। স্থানীয়দের সঙ্গে নিয়মিত যোগাযোগ, সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা ও মানুষের পাশে থাকার কারণে তাঁকে নিয়ে আগ্রহ বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
রাজনৈতিক জীবনে নিজাম উদ্দিনকে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়েছে বলেও তাঁর অনুসারীরা জানান। বিগত সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে নিজাম উদ্দিনের বিরুদ্ধে সাতবার হামলা এবং ৪টি রাজনৈতিক মামলা হয়। এসব প্রতিকূলতার মধ্যেও তিনি দলীয় কর্মকাণ্ড ও স্থানীয় মানুষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন বলে নেতাকর্মীদের দাবি।
স্থানীয় বাসিন্দা আব্দুল্লাহ বলেন, নিজাম উদ্দিনকে আমরা দীর্ঘদিন ধরে চিনি। তিনি মানুষের সঙ্গে সহজভাবে মিশতে পারেন এবং বিপদে-আপদে মানুষের পাশে থাকার চেষ্টা করেন। এ কারণে স্থানীয়দের মধ্যে তাঁর গ্রহণযোগ্যতা রয়েছে।’

আরেক স্থানীয় বাসিন্দা শামসুল হক বলেন, এলাকার উন্নয়ন, রাস্তাঘাট, শিক্ষা ও সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে যিনি কাজ করবেন, আমরা এমন প্রার্থী চাই। নিজাম উদ্দিনকে নিয়ে এলাকার মানুষের মধ্যে আলোচনা আছে। শেষ পর্যন্ত মানুষ যাকে যোগ্য মনে করবে, তাকেই সমর্থন করবে।
ইউনিয়নের আরেক বাসিন্দা নজরুল ইসলাম বলেন, নির্বাচনের সময় অনেকেই মানুষের কাছে আসেন। কিন্তু সারা বছর মানুষের পাশে থাকাটাই গুরুত্বপূর্ণ। নিজাম উদ্দিনকে আমরা বিভিন্ন সময় মানুষের পাশে দেখেছি। তাই তাঁর প্রার্থিতা নিয়ে মানুষের আগ্রহ রয়েছে।
ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল আমিন বলেন, নিজাম উদ্দিন দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। সাধারণ মানুষের সুখে-দুঃখে তাঁকে পাশে পাওয়া যায়। মানুষের প্রতি তাঁর আন্তরিকতা ও সাংগঠনিক দক্ষতার কারণে তাঁকে নিয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক আলোচনা রয়েছে।

যুবদল নেতা শাহ আলম বলেন, ছয়ফুল্লাকান্দির মানুষ এমন একজন জনপ্রতিনিধি চান, যিনি এলাকার উন্নয়ন ও মানুষের সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করবেন। নিজাম উদ্দিনের মধ্যে আমরা সেই সম্ভাবনা দেখতে পাচ্ছি। তিনি নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়ন ও মানুষের কল্যাণে ভূমিকা রাখবেন বলে আমরা আশাবাদী।
ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী নিজাম উদ্দিন বলেন, আমি সবসময় ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। মানুষের ভালোবাসা ও আস্থা আমার সবচেয়ে বড় শক্তি। দলীয় সিদ্ধান্ত ও এলাকার মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে আমি এগিয়ে যেতে চাই। সুযোগ পেলে ইউনিয়নের উন্নয়ন, সেবার মান বাড়ানো এবং সাধারণ মানুষের সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করব।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছয়ফুল্লাকান্দিতে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা ক্রমেই বাড়ছে। এর মধ্যে নিজাম উদ্দিনকে ঘিরে স্থানীয় পর্যায়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের আগ্রহও লক্ষ্য করা যাচ্ছে।




















আপনার মতামত লিখুন :