binodonerpadmaful
ঢাকা রবিবার, ০৫ এপ্রিল, ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

শেরপুর-৩ আসনের নির্বাচন ঘিরে ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন


বিনোদনের পদ্মফুল | স্টাফ রিপোর্টার এপ্রিল ৫, ২০২৬, ০১:০১ পিএম শেরপুর-৩ আসনের নির্বাচন ঘিরে ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত থাকা শেরপুর-৩ আসনের নির্বাচন বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ১৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা নিয়ে গঠিত এই আসনের নির্বাচনের আগের ৫ দিন, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরবর্তী ২ দিন টহল পরিচালনাসহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি সদস্যরা নিয়োজিত থাকবেন বলে জানিয়েছেন ময়মনসিংহ ব্যাটেলিয়ান এর ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ।
রবিবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বিজিবি সদস্যরা মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে নির্বাচনের সময় নিয়োজিত থাকবেন।
বিজিবির ময়মনসিংহ সেক্টরের তত্ত্বাবধানে এবং ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর ব্যবস্থাপনায় এর মধ্যে ১৬ প্লাটুন বিজিবি সদস্য শেরপুর জেলার শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলায় চারটি বেইজ ক্যাম্প স্থাপন করে নির্বাচনী দায়িত্ব পালন শুরু করছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শেরপুর-৩ আসনটি সীমান্তবর্তী হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবির উপস্থিতি জোরদার করা হয়েছে। এছাড়াও সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যরা নির্বাচনি এলাকায় প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করছেন।
লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, বিজিবি সবসময়ই দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেসামরিক প্রশাসনকে সহায়তা করে থাকে। এরই অংশ হিসেবে এই নির্বাচনেও বিজিবি সদস্যরা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে।
সকলের সম্মিলিত প্রচেষ্টায় শেরপুর-৩ আসনের নির্বাচনে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এবং অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হবে বলে বিজিবি বিশ্বাস করে।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুজনিত কারণে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৯ এপ্রিল, বৃহস্পতিবার এই আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বিএনপি ও জামায়াতের প্রার্থীসহ মোট চারজন বৈধ প্রার্থী ভোটের মাঠে আছেন।
তারা হলেন- বিএনপি প্রার্থী মো. মাহমুদুল হক রুবেল, জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মাসুদুর রহমান মাসুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবু তালেব মো. সাইফুদ্দিন এবং বাসদ (মার্কসবাদী) প্রার্থী মো. মিজানুর রহমান।

Side banner