binodonerpadmaful
ঢাকা মঙ্গলবার, ০৭ এপ্রিল, ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২
দুলাভাইয়ের স্বীকারোক্তি

গোমস্তাপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা


বিনোদনের পদ্মফুল | স্টাফ রিপোর্টার এপ্রিল ৬, ২০২৬, ১১:৫২ এএম গোমস্তাপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নিখোঁজ হওয়ার দুই দিন পর ৬ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে শিশুটির হত্যার রহস্যও উদঘাটন হয়েছে। রবিবার (৫ এপ্রিল) বিকেলে উপজেলার আলীনগর ইউনিয়নের প্রেমতলী এলাকায় একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শিশুটি গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের সন্তোষপুর বুড়িতলা গ্রামের শহিদুল ইসলামের মেয়ে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় শিশুটি তার নানা বাড়ির এক আত্মীয়ের সঙ্গে আলীনগর ইউনিয়নের মকরমপুর গ্রামে তাফসীর মহফিল শুনতে যায়। সেখান থেকেই হঠাৎ নিখোঁজ হয়ে যায় সে। বিষয়টি জানাজানি হলে মহফিল থেকে শিশুটিকে খোঁজার জন্য মাইকিং করা হয়। কিন্তু, কোনও কাজ হয়নি। পরদিন শনিবারও তাকে না পেয়ে পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয় গোমস্তাপুর থানায়।
নিহতের বড় ফুফু কারিমা খাতুন পপি জানান, নিখোঁজ হওয়ার আগে শিশুটি অন্য শিশুদের সঙ্গে পাশের একটি বাগানে খেলছিল। এ সময় তার ভাতিজা জামাই কাছেই অবস্থান করছিল। সে শরিফাকে নিয়ে যায় এবং এরপর থেকেই শিশুটি নিখোঁজ।
জিডির সূত্র ধরে পুলিশ তদন্ত শুরু করে এবং সন্দেহভাজন হিসেবে নিহতের দুলাভাই মো. অন্তরকে (২০) আটক করে। জিজ্ঞাসাবাদে সে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ধানের জমিতে লাশ ফেলে রাখার কথা স্বীকার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আলীনগর ইউনিয়নের প্রেমতলী এলাকার একটি ধানক্ষেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। এ ঘটনায় করা জিডিটি নিয়মিত মামলায় রূপান্তর করা হবে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Side banner