দীর্ঘ প্রায় চার বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নিজেদের পঞ্চম স্টুডিও অ্যালবাম নিয়ে হাজির হলো বিশ্বখ্যাত দক্ষিণ কোরিয়ান বয় ব্যান্ড বিটিএস। শুক্রবার মুক্তি পাওয়া এই অ্যালবামের নাম রাখা হয়েছে ‘আরিরাং’, যা মূলত কোরিয়ার একটি ঐতিহ্যবাহী লোকসংগীতের নাম। সামরিক বাহিনীর বাধ্যতামূলক দায়িত্ব পালন শেষে এটিই বিটিএস-এর প্রথম পূর্ণাঙ্গ অ্যালবাম।
১৪টি ট্র্যাকে সাজানো এই অ্যালবামটিকে ব্যান্ডটির শেকড় ও আত্মপরিচয়ের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। বিনোদন সাময়িকী ‘বিলবোর্ড’ অ্যালবামটিকে ব্যান্ডের সদস্যদের পক্ষ থেকে তাদের মাতৃভূমির প্রতি একটি ‘প্রেমপত্র’ হিসেবে অভিহিত করেছে।
অ্যালবাম মুক্তির প্রাক্কালে বিটিএস সদস্য জিমিন বলেন, ‘আমাদের সংগীত ও পারফরম্যান্সের মাধ্যমে কীভাবে নিজেদের পরিচয় এবং সত্যতাকে ফুটিয়ে তোলা যায়, তা নিয়ে আমরা গভীরভাবে ভেবেছি। এই প্রক্রিয়ার অংশ হিসেবে আমরা সম্পূর্ণ কোরিয়ান সদস্যদের সমন্বয়ে গঠিত এই ব্যান্ডের পেছনের তাৎপর্য এবং আমাদের প্রেক্ষাপটকেও পুনরায় মূল্যায়ন করেছি।’
নতুন অ্যালবামের গানগুলো নিয়ে শনিবার সিউলের ঐতিহাসিক গিয়াংওয়ামুন স্কয়ারে একটি বিশাল ওপেন-এয়ার কনসার্টে পারফর্ম করবে দলটি। এই কনসার্টকে ঘিরে সিউলে এখন উৎসবের আমেজ। ধারণা করা হচ্ছে, প্রায় ২ লাখ ৬০ হাজার ভক্ত সরাসরি এই আয়োজনে যোগ দেবেন। এই ইভেন্টের কারণে সিউলের অধিকাংশ হোটেল ইতিমধ্যে বুক হয়ে গেছে এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা সিউলে ভিড় জমাচ্ছেন।
ফিলিপাইন থেকে আসা ভক্ত মারা ক্রিস্টিয়া ইয়াও এবং রোডেসা এরিকা বোনন জানান, শনিবারের কনসার্টের টিকিট না পেলেও তারা প্রিয় আইডলদের কাছাকাছি থাকতে সিউলে এসেছেন। বার্তা সংস্থা এএফপি-কে ইয়াও বলেন, ‘আমরা টিকিট না পেলেও এই এলাকাতেই থাকব। কাল ঠিক কোথায় দাঁড়ালে তাদের দেখা যেতে পারে, সেই পরিকল্পনা করছি।’
সরাসরি মাঠে উপস্থিত হতে না পারা বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভক্তদের জন্য সুখবর হলো স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স প্রায় ১৯০টি দেশে এই কনসার্টটি সরাসরি সম্প্রচার করবে। এছাড়া আগামী এপ্রিল থেকে বিটিএস তিন মাসব্যাপী একটি বিশ্ব ভ্রমণে (ওয়ার্ল্ড ট্যুর) বের হবে বলেও জানা গেছে।








































আপনার মতামত লিখুন :