binodonerpadmaful
ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

রাজধানীতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় পুলিশ


বিনোদনের পদ্মফুল | নিজস্ব প্রতিবেদক জুন ২৩, ২০২৬, ০১:৪৫ পিএম রাজধানীতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় পুলিশ

ডিএমপির কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ জানিয়েছেন পবিত্র আশুরা উদযাপন ও তাজিয়া মিছিল ঘিরে হামলার কোনো শঙ্কা নেই। আশুরা শান্তিপূর্ণ ও নিরাপদ করতে পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বলেও জানান তিনি।
মঙ্গলবার (২৩ জুন) পুরান ঢাকার হোসাইনী দালানে সংবাদ সম্মেলনে কমিশনার এ কথা বলেন।
মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, আশুরা উপলক্ষে সকল ধর্মীয় স্থাপনায় ড্রোন ও সিসিটিভির মাধ্যমে নজরদারি করা হচ্ছে। বোম্ব ডিসপোজাল ও কেনাইন ইউনিট দিয়ে অনুষ্ঠানস্থল সুইপিং করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সোয়াট, বোম্ব ডিসপোজাল, কেনাইনসহ বিশেষায়িত ইউনিট স্ট্যান্ডবাই থাকবে। 
এদিকে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা পরিদর্শনকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন নজরুল ইসলাম বলেছেন, আজ ২৩ জুন একটি রাজনৈতিক দলের (কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ) প্রতিষ্ঠাবার্ষিকী। একই সঙ্গে মহররম মাসও চলছে। বিষয়গুলোকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে।
রাজধানীসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

Side banner