binodonerpadmaful
ঢাকা রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ব্রিটিশ বিনিয়োগ বাড়ানোর আহ্বান


বিনোদনের পদ্মফুল | নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৯, ২০২৬, ০২:১৮ পিএম মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ব্রিটিশ বিনিয়োগ বাড়ানোর আহ্বান

দেশের মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়ন এবং উৎপাদন বাড়াতে বিদেশী বিনিয়োগের আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। রবিবার (১৯ এপ্রিল) সকালে সচিবালয়ে ইংল্যান্ডের ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়র শিবলি আলম সৌজন্য সাক্ষাতে এলে এ আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দীর্ঘদিনের ভ্রাতৃত্ব ও পারস্পরিক বোঝাপড়ার সম্পর্ক রয়েছে। এ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তিনি।
সাক্ষাতে ম্যানচেস্টারের সিভিক মেয়র শিবলি আলম বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে প্রবাসী ও বিদেশী ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। প্রতিমন্ত্রী এসব জটিলতা দ্রুত সমাধানের আশ্বাস দেন। একইসঙ্গে ব্যবসায়িক পরিবেশ সহজ করতে সরকার কাজ করছে বলেও তিনি মেয়রকে জানান।
বৈঠকে দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরো গতিশীল করতে ‘জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ’-এর বৈঠক আয়োজনের বিষয়ে আলোচনা হয়। এর মাধ্যমে ভবিষ্যতে দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ কার্যক্রম শক্তিশালী হবে বলে উভয় পক্ষ আশা প্রকাশ করে।
সুলতান সালাউদ্দিন টুকু আশা প্রকাশ করে বলেন, যৌথ উদ্যোগ ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্যিক সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছাবে।

Side banner