binodonerpadmaful
ঢাকা সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
রোনালদোকে

‘সর্বকালের সেরা’ উল্লেখ করে যুক্তরাষ্ট্রে ডাকলেন ট্রাম্প


বিনোদনের পদ্মফুল | ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৩:৫৬ পিএম ‘সর্বকালের সেরা’ উল্লেখ করে যুক্তরাষ্ট্রে ডাকলেন ট্রাম্প

কয়েক মাস আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউজে সাক্ষাৎ করেছিলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। উভয়ের মধ্যে বেশ উষ্ণ ও ইতিবাচক সম্পর্কের কথাও জানায় সংবাদমাধ্যম। এবার সিআরসেভেনের উদ্দেশে একটি বার্তা পাঠিয়েছেন ট্রাম্প। যেখানে তিনি রোনালদোকে ‘সর্বকালের সেরা’ উল্লেখ করে শিগগিরই যুক্তরাষ্ট্রে যাওয়ার আহবান জানিয়েছেন।
সামাজিক মাধ্যম টিকটকে দেওয়া এক ভিডিওতে ট্রাম্প বলছেন, ‘রোনালদো, তুমি সর্বকালের সেরা (খেলোয়াড়)। আমরা তোমাকে আমেরিকায় চাই। চলে আসো, তোমাকে দ্রুত প্রয়োজন।’ একইসঙ্গে একটি এআই দিয়ে তৈরি ভিডিও যুক্ত করে দেন মার্কিন প্রেসিডেন্ট। যেখানে ওভাল অফিসের ভেতরে দুজনকে ফুটবল খেলতে দেখা যায়।
ট্রাম্পের ওই ভিডিও’র সূত্র ধরে বিদেশি গণমাধ্যমগুলো দুইয়ে দুইয়ে চার মেলানোর চেষ্টা চালাচ্ছে। সবার জিজ্ঞাসা ঠিক কী কারণে রোনালদোকে তিনি যুক্তরাষ্ট্রে ডাকছেন! ওই বার্তার দুটি অর্থ থাকতে পারে– প্রথমত, আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় ফুটবল বিশ্বকাপের আসর বসবে। সে উপলক্ষ্যে রোনালদো যেন দ্রুততম সময়ে যুক্তরাষ্ট্রে যান। দ্বিতীয়ত, আমেরিকান মেজর লিগ সকারে (এমএলএস) যোগ দেওয়ার আহবান পেতে পারেন বর্তমানে সৌদি ক্লাব আল-নাসরে খেলা এই তারকা।
এর আগে নভেম্বরে হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের কথা ইনস্টাগ্রাম পোস্টে জানান রোনালদো। সেখানে বান্ধবী জর্জিনা রদ্রিগেজ ও মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বেশ হাস্যজ্জ্বল মুহূর্তের ছবি যুক্ত করেন তিনি। ওই পোস্টে রোনালদো লেখেন, ‘আমি এবং আমার বাগদত্তা জর্জিনাকে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য ফার্স্ট লেডি (মেলানিয়া ট্রাম্প) এবং আপনাকে ধন্যবাদ মিস্টার প্রেসিডেন্ট। আমাদের প্রত্যেকেই অর্থবহ কিছু দিতে পারি এবং আমি নতুন প্রজন্মকে উৎসাহিত করার প্রক্রিয়ায় অংশ হতে প্রস্তুত, যারা সাহস, দায়িত্বশীলতা ও দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠা করবে।’
প্রসঙ্গত, বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে আসন্ন ২০২৬ বিশ্বকাপে ষষ্ঠ আসর খেলতে নামবেন রোনালদো। বিশ্বকাপে তার দল পর্তুগাল ‘কে’ গ্রুপে পড়েছে উজবেকিস্তান, কলম্বিয়া ও ইন্টার-কনফেডারেশন প্লে-অফ ১–এ বিজয়ী দলের সঙ্গে। প্লে-অফ থেকে আসা দলের বিপক্ষে ১৭ জুন বিশ্বকাপ মিশন শুরু করবে রোনালদো-ফার্নান্দেজ-সিলভারা। এরপর ২৩ জুন উজবেকিস্তান এবং ২৭ জুন তাদের প্রতিপক্ষ কলম্বিয়া।
৪১ বছর বয়সী তারকা রোনালদো বর্তমানে ছুটছেন পেশাদার ক্যারিয়ারের ১০০০তম গোলের পথে। জাতীয় দল ও আল-নাসর ক্লাব যেখানেই সুযোগ পাচ্ছেন বয়সের গণ্ডি পেরিয়ে তিনি গোল করে চলেছেন। এখন পর্যন্ত তার গোলসংখ্যা ৯৬৪। জাদুকরি মাইলফলক থেকে মাত্র ৩৬ গোল দূরে আছেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার।

Side banner