লেবানন দখল করে নেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তিনি বলেছেন, লেবানন থেকে হিজবুল্লাহ ইসরায়েল লক্ষ্য করে হামলা চালাতে থাকলে লেবাননের ভূখণ্ড দখল করে নেওয়া হবে। তিনি লেবাননের সরকারকে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন– হিজবুল্লাহ যেন ইসরায়েলে আক্রমণ করা বন্ধ করে। তা না হলে ইসরায়েলের সামরিক বাহিনী লেবাননের ভূখণ্ডে আক্রমণ করবে এবং দখল করে নেবে বলে জানান তিনি।
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর বরাত দিয়ে দ্য টাইমস অব ইসরায়েল বলেছে, হিজবুল্লাহ গতকাল ইসরায়েল লক্ষ্য করে প্রচণ্ড হামলা চালিয়েছে। কাৎজ বলেন, তিনি লেবাননের প্রেসিডেন্টকে সতর্ক করেছেন– যদি লেবানন সরকার না জানে কীভাবে নিজেদের ভূখণ্ড নিয়ন্ত্রণ করতে হয়, হিজবুল্লাহকে ইসরায়েলে হামলা চালানো থেকে নিবৃত্ত করতে না পারে, তাহলে লেবানন দখল করে ইসরায়েলের সঙ্গে জুড়ে নেওয়া হবে।

এদিকে লেবাননের বিভিন্ন স্থানে ব্যাপক বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। এ সময় হিজবুল্লাহর সঙ্গে সংঘাত তীব্র আকার ধারণ করেছে, যা পুরো লেবানন অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলেছে। এরই মধ্যে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬৮৭ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে ৯৮ শিশু রয়েছে। লেবাননের তথ্যমন্ত্রী পল মরকোসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা।
২৮ ফেব্রুয়ারি থেকে ইরানকে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে বিরত রাখতে যৌথ হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। পাশাপাশি কয়েকটি আরব দেশে যেখানে মার্কিন ঘাঁটিসহ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থসংশ্লিষ্ট আছে, সেখানেও হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ফলে এই সংঘাত এখন ওই অঞ্চলের ১৪ দেশে ছড়িয়ে পড়েছে।
এই সংঘাতের প্রভাব লেবাননেও ছড়িয়ে পড়ে। ইরানে যৌথ হামালার পর লেবাননের ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহও ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সীমান্তবর্তী এলাকায় পাল্টাপাল্টি হামলায় পরিস্থিতি ক্রমেই উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে। লেবাননের রাজধানী বৈরুতে আকাশ ও সমুদ্রপথে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী।
লেবাননের সরকারি সূত্রে বলা হয়েছে, ইসরায়েলের হামলায় নগর এলাকাসহ দক্ষিণ লেবাননের গ্রামাঞ্চলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। বিস্ফোরণ ও গোলাবারুদে বহু বাড়ি ও নাগরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপত্তা বাহিনী সতর্ক করে দিয়েছে, সেখানে বসবাসরত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া জরুরি।








































আপনার মতামত লিখুন :