binodonerpadmaful
ঢাকা বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

জাতীয় ভোটার দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করল ইসি


বিনোদনের পদ্মফুল | নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৫:৪০ পিএম জাতীয় ভোটার দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করল ইসি

আগামী ২ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘৮ম জাতীয় ভোটার দিবস-২০২৬’। এই দিবসটি উদযাপন উপলক্ষে নতুন প্রতিপাদ্য নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এবারের ভোটার দিবসের মূল স্লোগান হচ্ছে ভোটারদের শক্তি গণতন্ত্রের মুক্তি।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের নির্বাচন সহায়তা-২ শাখার সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
ইসি জানায়, নির্ধারিত এই প্রতিপাদ্যটি ভোটার দিবস উদযাপনের সকল প্রকাশনা, প্রচারণামূলক সামগ্রী এবং দিবস সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রমে ব্যবহারের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক, আইডিয়া প্রকল্পের পরিচালকসহ মাঠ পর্যায়ের সকল আঞ্চলিক, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের কাছে এই নির্দেশনা পাঠানো হয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটার দিবস উপলক্ষে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এই প্রতিপাদ্যটি ব্যাপকভাবে প্রচার করা হবে। বিশেষ করে তরুণ ভোটারদের উদ্বুদ্ধ করতে ওয়েবসাইট, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মাঠ পর্যায়ের কার্যালয়গুলোতে ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে এটি তুলে ধরা হবে।
উল্লেখ্য, প্রতি বছর ২ মার্চ বাংলাদেশে জাতীয় ভোটার দিবস পালিত হয়। ভোটার তালিকা হালনাগাদ ও সাধারণ নাগরিকদের ভোটাধিকার সম্পর্কে সচেতন করতেই মূলত এই দিবসটি পালনের উদ্যোগ নেওয়া হয়।

Side banner