পার্থ র্যাকটেঙ্গুলার স্টেডিয়ামের ড্রেসিংরুম থেকে মৃদু পায়ে বের হচ্ছেন ঋতুপর্ণা-আফিদারা। চনমনে ভাব নেই, মুখ গোমরা করেই টিম বাসের দিকে হাঁটছেন। বাংলাদেশ থেকে আসা সাংবাদিকরা অনেকের প্রতিক্রিয়া নেয়ার চেষ্টা করলেও এড়িয়ে গেছেন। তবে মিডফিল্ডার মনিকা চাকমা মিনিট খানেক সময় দিয়েছেন।
বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো এশিয়ান কাপ খেলেছে। গ্রুপ পর্বের তিন ম্যাচে ১১ গোল হজম করে বাংলাদেশের এশিয়ান কাপ মিশন শেষ হয়েছে। এশিয়া কাপ থেকে কী শিখল বাংলাদেশ? মনিকার উত্তর, ‘অনেক কিছুই শিখেছি। আমরা উত্তর কোরিয়া, চীনের মতো দলের সাথে খেলেছি। ওরা সবাই আমাদের চেয়ে র্যাংকিংয়ে এগিয়ে। আমরা চেষ্টা করেছি আমাদেরটা, আর ওদের থেকে অনেক কিছুই শিখেছি।’
এই শিক্ষা সামনের দিনগুলোতে কাজে লাগাতে চান মনিকা, ‘এই ম্যাচের অভিজ্ঞতা অবশ্যই কাজে দেবে। এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। ওদের থেকে আমরা অনেক কিছু শিখেছি আর আমরা সামনের যে টুর্নামেন্টগুলো হবে ওগুলোতে আমরা কাজে লাগাতে পারব।’
উজবেকিস্তানের র্যাংকিং ৪৯ হলেও বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা করে জিতবে এমন প্রত্যাশা ছিল। এমন ম্যাচে ৪-০ গোলে পরাজয় অত্যন্ত হতাশার। আজকের ম্যাচ নিয়ে মনিকার মন্তব্য, ‘আমরা আমাদের সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করেছি আর আমাদের যে খেলাটা খেলা উচিত ছিল আমরা ওইটাই করছি।’ খেলাটা খেলছেন বললেও বাংলাদেশ ম্যাচে আজ অনেক ভুল পাস করেছে, আবার ডিফেন্সের ভুলও ছিল অনেক। এ নিয়ে মনিকার মন্তব্য, ‘এটা গেম, এটা হয়। সব প্লেয়ারদেরই দুই-একটা মিস পাস হয়। এটা কোনো ব্যাপার না। তো আমরা আমাদের এই পাসিংগুলো ওভারকাম করার চেষ্টা করছি।’
অনেক সম্ভাবনার এশিয়া কাপ কোনো গোল দেয়া ছাড়াই শেষ করল বাংলাদেশ। অনেক প্রশ্ন থাকলেও ফুটবলার ও কোচিং স্টাফদের তাড়াহুড়ো। সবাই স্টেডিয়াম ছেড়ে দ্রুত টিম হোটেলে পৌঁছাতে পারলে যেন হাফ ছেড়ে বাঁচেন।








































আপনার মতামত লিখুন :