binodonerpadmaful
ঢাকা শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের ৪ জনকে গুলি


বিনোদনের পদ্মফুল | নিজস্ব প্রতিবেদক মার্চ ১৯, ২০২৬, ০২:৫৮ পিএম খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের ৪ জনকে গুলি

খুলনা মহানগরীর লবণচরা এলাকায় ঘরে ঢুকে একই পরিবারের চারজনকে গুলি করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোরে লবণচরা থানার খাদিজাবাগ কৃষ্ণনগর ঠিকরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন কাজী আনিসুর রহমান (৫২), তার স্ত্রী রঞ্জুয়ারা বেগম (৪৭), ছেলে রাশিদুল ইসলাম (২৪) ও রাশিদুলের স্ত্রী ফাহিমা (২৭)। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রঞ্জুয়ারা বেগম ও ফাহিমাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অপর দুইজন খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, পারিবারিক বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটতে পারে। জানা গেছে, প্রায় তিন বছর আগে একটি মাদক মামলায় কারাগারে গেলে রাশিদুলের সঙ্গে ইমরান নামের এক ব্যক্তির পরিচয় হয়। পরবর্তীতে ওই সূত্র ধরে দুই পরিবারের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় এবং ইমরানের স্ত্রী ফাহিমার সঙ্গে রাশিদুলের সম্পর্ক গড়ে ওঠে।
প্রায় ছয় মাস আগে ইমরান পুনরায় কারাগারে গেলে ফাহিমাকে বিয়ে করেন রাশিদুল। এতে ক্ষুব্ধ হয়ে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেন ইমরান এমনটাই ধারণা স্থানীয়দের।
পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে, পূর্বপরিকল্পিতভাবে ভোরে একদল হামলাকারী ঘরে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। এতে পরিবারের চারজনই গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।
ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিনুজজামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরকীয়াজনিত বিরোধের জেরে এ হামলা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, হামলায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Side banner