পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার চর-ছয়ানী গ্রামে অনুষ্ঠিত হয়েছে ঈদ শুভেচ্ছা বিনিময় ও উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠান। সমাজসেবামূলক সংগঠন মোল্লা বাড়ি মাস্টার সমাজসেবা সংস্থা এ আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ প্রকৌশলী মো. রকিব উল্লাহ, তিনি সংগঠনের প্রধান উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিসেস রেহেনা বেগম এবং সঞ্চালনা করেন মিসেস সাহিদা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঞ্ছারামপুর সরকারি এস এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিকুর রহমান এবং বাঞ্ছারামপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আমান উল্লাহ। বক্তারা মানবসেবামূলক এমন উদ্যোগ গ্রহণ করায় আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন ইঞ্জিনিয়ার মো. নাজিম উল্লাহ, ইঞ্জিনিয়ার আব্দুর রব রাসেল, কবির হোসেন মেম্বার, মোল্লা মো. আশাব উদ্দিন, আবদুল মতিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা সমাজের অসহায় ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শুরুতে মুফতি মাওলানা মো. মোসলিম উদ্দিন পবিত্র কুরআন তেলাওয়াত করেন এবং উপস্থিত সকলের পাশাপাশি আয়োজক পরিবারের জীবিত ও মৃত সদস্যদের জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন।
শেষে প্রধান অতিথি প্রকৌশলী মো. রকিব উল্লাহ উপস্থিত সবার মাঝে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং উপহার সামগ্রী বিতরণ করেন। তিনি সবার নিকট দোয়া কামনা করে ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানটি উপস্থিত সকলের মাঝে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা ছড়িয়ে দেয়।








































আপনার মতামত লিখুন :