binodonerpadmaful
ঢাকা সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

বিয়ে বাড়ির গহনা বহনে নিরাপত্তা দেবে পুলিশ: ডিবি প্রধান


বিনোদনের পদ্মফুল | নিজস্ব প্রতিবেদক মার্চ ২২, ২০২৬, ০৬:৩১ পিএম বিয়ে বাড়ির গহনা বহনে নিরাপত্তা দেবে পুলিশ: ডিবি প্রধান

পবিত্র রমজান ও ঈদের সময় অর্থ ও পণ্য আনা নেওয়ায় সহযোগিতার পর এবার বিয়ে বাড়ির গহনা বহনে নিরাপত্তা দেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
রবিবার (২২ মার্চ) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এই তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।
ঈদে বাড়ি যাওয়া কেউ থানায় স্বর্ণালংকার রেখেছেন কিনা জানতে চাইলে ডিবি প্রধান বলেন, এটা আমরা জানি না। আমরা জনগণকে আহ্বান জানাছিলাম যে, ঈদের সময় থানায় স্বর্ণালংকার ও মূল্যবান জিনিস রাখতে পারবেন। আবার ব্যাংকের ভল্টেও রাখতে পারেন। আর বিশেষ করে টাকা বা কোনো মূল্যবান গহনা পরিবহনের ক্ষেত্রে আমরা নিরাপত্তা দেবো। ঈদের পরে বিভিন্ন জায়গায় বিয়ে হচ্ছে, কেউ যদি মনে করে যে হোটেল বা কমিউনিটি সেন্টারে থেকে বাড়ি পর্যন্ত গহনা নেওয়ার ক্ষেত্রে নিরাপত্তা প্রয়োজন, তাহলে নিকটবর্তী থানায় বললে আমরা সর্বোচ্চ নিরাপত্তা দেবো।
ঈদে রাজধানী ফাঁকা, এই সময় নগরীর নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী কি পদক্ষেপ নিচ্ছে জানতে চাইলে তিনি বলেন, আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। আমাদের কিছুসংখ্যক সদস্য ঈদের ছুটিতে গেছে। তারপরে নিরাপত্তার জন্য যেটুকু দরকার সেটুকু নিয়েছি। কমিশনার স্যার ঈদের তিনদিন আগে থেকে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শুরু করেছেন। আমরা কিন্তু সারাদিন নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করছি। আমরা প্রত্যেকটা পয়েন্টে পরিদর্শন করে দেখেছি, আমাদের ফোর্স আছে কিনা। ঈদে খুব বড় ধরনের কোনো ঘটেনি, আমরা ভালোভাবে পার করেছি, বাকি দিনগুলো আমরা ভালোভাবে পারব আশা করি।
ডিবির টহল বাড়বে কিনা জানতে চাইলে তিনি বলেন, দিনে আমাদের ৮০টি এবং রাতে ৪০টি টিম টহলে থাকে। তাছাড়া স্ট্যান্ড বাই দুইটা টিম আছে। কেউ যদি আমাদেরকে কোনো সময় কল করে বা কোনো সাহায্য চাই, আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে এটা রেসপন্স করি। 
হাদির হত্যাকারীদের দেশের ফিরিয়ে আনার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা বহুবার বলেছি, যে মামলাটা এখন সিআইডির কাছে আছে। সিআইডি ও পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ফিরিয়ে আনার বিষয়ে যোগাযোগ করছে।

Side banner