binodonerpadmaful
ঢাকা সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে প্রতারণা, কক্সবাজারে গ্রেপ্তার ১


বিনোদনের পদ্মফুল | ‎নিজস্ব প্রতিবেদক মার্চ ২২, ২০২৬, ০৭:৩৮ পিএম প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে প্রতারণা, কক্সবাজারে গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে প্রতারণার অভিযোগে আরিফ মাঈনুদ্দিন (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ডিএমপির ডিবি, সিটিটিসি ও কক্সবাজার জেলা পুলিশের যৌথ একটি আভিযানিক দল। গতকাল শনিবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে কক্সবাজার জেলার চকরিয়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ রবিবার রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
ডিবি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আরিফ মাইনুদ্দিন একটি ভুয়া প্রজ্ঞাপন তৈরি করে দাবি করেন, গত ১৭ ফেব্রুয়ারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তাঁকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ দিয়েছে। এই পদে থাকাকালীন তিনি প্রতিমন্ত্রীর সমপর্যায়ের বেতন-ভাতা, সুযোগ-সুবিধা ও আনুষঙ্গিক সুবিধা পাবেন বলে গেজেটে উল্লেখ করা হয়।
পরবর্তী সময় এই গেজেট তিনি প্রতারণার উদ্দেশ্যে সরকারি-বেসরকারি বিভিন্ন ব্যক্তির কাছে পাঠান। এ ছাড়া তিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে ভুয়া ভিজিটিং কার্ড তৈরি করে ব্যবহার করেন।
ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃত আরিফ মাইনুদ্দিন গত ১০ ফেব্রুয়ারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নকল লোগো ও প্যাড ব্যবহার করে একটি ভুয়া গেজেট তৈরি ও প্রচার করেন। ওই গেজেটে জোরপূর্বক গুমের ভিকটিম পুনর্বাসনকারী হিসেবে তাঁকে রাষ্ট্রের বিশেষ সম্মানিত ব্যক্তি ঘোষণা করে এককালীন প্রণোদনা, স্থায়ী কর্মসংস্থান এবং স্থায়ী বাসস্থান প্রদানের কথা উল্লেখ করা হয়। এ ছাড়া তিনি ‘গুম কল্যাণ ট্রাস্ট’-এর সদস্যসচিব পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে নগদ অর্থ হাতিয়ে নেন।
ডিবি, সিটিটিসি ও কক্সবাজার জেলা পুলিশের যৌথ অভিযানে শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার চকরিয়া থানা এলাকা থেকে আরিফ মাইনুদ্দিনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে মিথ্যা গেজেট, প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি-সংবলিত ভিজিটিং কার্ড ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

Side banner