ভোরের কোমল আলোয় ফুলের বাগানে মৌমাছির গুঞ্জন যেন প্রকৃতির এক জীবন্ত সুর। ছোট্ট এই প্রাণীটিকে আমরা অনেক সময় শুধু মধুর সঙ্গেই মিলিয়ে দেখি, কিন্তু বাস্তবে মৌমাছির গুরুত্ব তার চেয়েও অনেক বেশি। পৃথিবীর পরিবেশ, কৃষি ও জীববৈচিত্র্যের সঙ্গে মৌমাছির সম্পর্ক এতটাই গভীর যে, এই ক্ষুদ্র প্রাণীটিকে ছাড়া প্রকৃতির স্বাভাবিক ভারসাম্য বা ইকোসিস্টেম কল্পনা করাও কঠিন।
প্রতি বছর ২০ মে বিশ্বজুড়ে পালিত হয় “বিশ্ব মৌমাছি দিবস”। মৌমাছির গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করে তুলতেই জাতিসংঘ ২০১৭ সালে এই দিনটিকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। বর্তমানে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ ও খাদ্য নিরাপত্তার মতো বৈশ্বিক চ্যালেঞ্জের কারণে মৌমাছির গুরুত্ব আরও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে।

মৌমাছি প্রকৃতির এক নিরলস কর্মী। ফুল থেকে ফুলে ঘুরে বেড়িয়ে তারা পরাগায়নের মাধ্যমে ফসল উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিজ্ঞানীদের মতে, পৃথিবীর অধিকাংশ খাদ্যশস্য কোনো না কোনোভাবে পরাগায়নের ওপর নির্ভরশীল। ফল, সবজি, তেলবীজসহ বিভিন্ন কৃষিপণ্যের উৎপাদনে মৌমাছির অবদান অনস্বীকার্য। বাংলাদেশের সরিষা, লিচু, আমসহ নানা ফসলের ফলন বৃদ্ধিতেও মৌমাছি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বাংলাদেশের কৃষিভিত্তিক অর্থনীতিতেও মৌমাছির গুরুত্ব দিন দিন বাড়ছে। বর্তমানে দেশে বাণিজ্যিকভাবে মৌচাষ জনপ্রিয় হয়ে উঠছে। এতে যেমন কৃষকের বাড়তি আয়ের সুযোগ তৈরি হচ্ছে, তেমনি কৃষিজ উৎপাদনও বৃদ্ধি পাচ্ছে। সুন্দরবনের মধু দেশের ঐতিহ্যের অংশ হয়ে উঠেছে বহু আগে থেকেই। গ্রামীণ জনপদে অনেক পরিবার এখন মৌচাষের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছে।

শুধু কৃষিক্ষেত্রেই নয়, জীববৈচিত্র্য রক্ষাতেও মৌমাছির অবদান অপরিসীম। বহু বন্য উদ্ভিদ ও ফুল মৌমাছির মাধ্যমে বংশবিস্তার করে। ফলে প্রকৃতির সৌন্দর্য ও পরিবেশের সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখতে মৌমাছি এক গুরুত্বপূর্ণ সহায়ক শক্তি হিসেবে কাজ করে যাচ্ছে। প্রকৃতির প্রতিটি প্রাণীর মতো মৌমাছিও পৃথিবীর জীবনচক্রের একটি গুরুত্বপূর্ণ অংশ।
তবে দুঃখজনক হলেও সত্য, বর্তমানে মৌমাছি নানা হুমকির মুখে রয়েছে। অতিরিক্ত কীটনাশকের ব্যবহার, বন উজাড়, পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তনের কারণে দিন দিন কমে যাচ্ছে মৌমাছির সংখ্যা। বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতি অব্যাহত থাকলে ভবিষ্যতে কৃষি উৎপাদন ও পরিবেশ উভয় ক্ষেত্রেই নেতিবাচক প্রভাব পড়তে পারে। মৌমাছির সংখ্যা কমে যাওয়া মানে শুধু একটি প্রাণীর বিলুপ্তি নয়, বরং পুরো পরিবেশ ব্যবস্থার জন্য এক বিপর্যয়ের অশনিসংকেত।
তাই এখনই সময় মৌমাছি সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেওয়ার। কৃষিতে অতিরিক্ত রাসায়নিকের ব্যবহার কমানো, পরিবেশবান্ধব চাষাবাদে উৎসাহ দেওয়া, বেশি বেশি ফুল ও গাছ লাগানো এবং মৌমাছির প্রাকৃতিক আবাসস্থল রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যেও মৌমাছি সংরক্ষণের গুরুত্ব তুলে ধরতে হবে।
বিশ্ব মৌমাছি দিবস আমাদের শুধু একটি দিবসের গুরুত্বই মনে করিয়ে দেয় না, বরং মানুষ ও প্রকৃতির পারস্পরিক নির্ভরতার কথাও স্মরণ করিয়ে দেয়। প্রকৃতিকে টিকিয়ে রাখতে মৌমাছির মতো ছোট প্রাণীকেও গুরুত্ব দিতে হবে। কারণ প্রকৃতির প্রতিটি প্রাণীই পৃথিবীর ভারসাম্যের জন্য অপরিহার্য। তাই মৌমাছিকে রক্ষা করা মানে শুধু একটি প্রাণীকে বাঁচানো নয়, বরং আমাদের ভবিষ্যৎ পৃথিবীকে সুরক্ষিত রাখা। কারণ মৌমাছি বাঁচলে প্রকৃতি বাঁচবে, আর প্রকৃতি বাঁচলে টিকে থাকবে মানবসভ্যতা ও বিশ্বজগত।
মাহবুব আলম
কৃষি শিক্ষার্থী, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট,
বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া
তথ্যসূত্র: জাতিসংঘ, ঋঅঙ ও বিভিন্ন কৃষি গবেষণা প্রতিবেদন।








































আপনার মতামত লিখুন :